Saturday, February 18, 2017

অন্তস্থ অন্ধকারে


অন্তস্থ অন্ধকারে নিমজ্জিত কলম্বাসের আবিষ্কার

গতানুগতিক নামতার আমতাআমতা স্বীকারোক্তি 
ব্রেইলবিন্দুতে লিপিবদ্ধ হচ্ছে প্রার্থনার পশ্চিমে

সহস্র ছায়া পদাঘাতে ভেঙে ছুটে যাচ্ছে বিচিত্র সেনাপতি 
কোয়েলের ডাকে আর নেপোলিয়ন হবার ইচ্ছে শূন্য

আঞ্চলিক বিক্রিয়াজাত লেনদেনের সফল সমাপ্তির শেষে
ঘড়ির ফুরিয়ে যাওয়ার পরবর্তী অনির্ণেয়  সময় কালে 
রোজপার্শ্বে অবধারিত হচ্ছে অজস্র দেয়ালের ভিড়...


অথচ প্রত্যেকটা চাপের বিপ্রতীপ স্পষ্ট অবস্থানে হারিয়ে যাচ্ছে
বহুকাঙ্ক্ষিত একান্ত ঘরের সেই কথিত মহা অবসর...

Tuesday, February 14, 2017

শূন্যগ্রহণের দিনে




একেকটা শূন্যগ্রহণের দিন চিরাচরিত সাড়ে তিন হাত উজ্জ্বল
বিগত দশকের হাজার ভাবুনীর কুণ্ডলীর ভেতর অযথার্থ কাব্যিক

উজালা মাখা আমার সেই পুরনো সাদা ঝুল শূন্যে রোদাক্রান্ত

অজস্ত্র অবসরের জিজ্ঞাসিত উদ্ভাস ঘিরে আছে পূর্বপুরুষের চার পা
এখনো বারান্দা পালন করছে প্রাচীন সেসব চন্দনকাঠ অবশেষ

সম্মুখে একটা তালগাছ নিজের প্রকাণ্ড বিস্তারিত লিখে যাচ্ছে ঈষৎ হরফে
দীঘির জলে দুতিনটে হাঁসের সাথে ভাসছে ছায়া ছায়া মায়া...
x